
চট্টগ্রামের মুসলিম সমাজ একটি বৈচিত্র্যপূর্ণ, ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ একটি পরিচয় বহন করে। এই সমাজ মূলত দুই শ্রেণিতে ভাগ হয়ে এসেছে—একদল পূর্বপুরুষদের মাধ্যমে ইসলাম ধর্মে দীক্ষিত, অর্থাৎ ধর্মান্তরিত (কনভার্টেড), এবং অপর দলটি এমন পরিবারভুক্ত যাদের বংশপরম্পরায় কেউ না কেউ মুসলিম ট্রাভেলার, অর্থাৎ আরব বা পারস্য থেকে আগত সুফি সাধক, ব্যবসায়ী বা ধর্মপ্রচারক। যদিও চট্টগ্রামে কনভার্টেড মুসলিমদের সংখ্যাই পরবর্তীতে বেড়ে ওঠে, তথাপি এই দুই ধারার মিলনের ফলে সমাজে এক অনন্য ধর্মীয় ও সাংস্কৃতিক বিনিময় তৈরি হয়, যা বাংলাদেশের অন্যান্য অঞ্চলের তুলনায় চট্টগ্রামকে এক ব্যতিক্রমী স্থানে দাঁড় করায়।
চট্টগ্রামে ইসলাম শুধুমাত্র ধর্মীয় অনুশাসনের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং এটি আধ্যাত্মিক চর্চা, সামাজিক রীতিনীতি এবং জীবনযাত্রার প্রতিটি স্তরে গভীরভাবে প্রবেশ করেছে। এখানকার ইসলাম অনুধাবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো এর তরিকত ভিত্তিক রূপ—যেখানে পীর-মাশায়েখ, গুরু শিষ্য মূলক সম্পর্ক, এবং আধ্যাত্মিক সাধনার স্থান রয়েছে সর্বোচ্চ পর্যায়ে। শরিয়তের পাশাপাশি মারফত ও রিসালাতের ধারা এখানে প্রবলভাবে বিরাজমান, যা আবার বহু কনভার্টেড পরিবারেও পরম্পরাগতভাবে চলে এসেছে।
চট্টগ্রামের সমাজে প্রায় সব ধর্মীয়-আধ্যাত্মিক মিলনমেলায় একটি বিষয় বিশেষভাবে লক্ষণীয়—তা হলো আতিথেয়তা ও খাবারের মাধ্যমে ধর্মীয় অনুভবের প্রকাশ। এখানকার মানুষদের মধ্যে দলবদ্ধভাবে খাবার বিতরণ, একত্রে খাওয়া, এবং নানা ধর্মীয় উপলক্ষ্যে খাদ্য সংস্কৃতি গড়ে তোলা যেন একটি অবিচ্ছেদ্য অভ্যাস। এই অভ্যাসের মূল শিকড় আরব ট্রাভেলারদের মধ্যেই ছিল—যারা দলবদ্ধভাবে ভোজ করতেন এবং খাবারকে শুধু আহার হিসেবে নয়, বরং আধ্যাত্মিক অনুশীলনের একটি মাধ্যম হিসেবেও দেখতেন।
এর একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও ধর্মীয় প্রতিফলন হচ্ছে ‘মেজ্জান‘—যা শুধুমাত্র একটি খাবারের আয়োজন নয়, বরং একটি সমবেত চর্চা, সামাজিক সম্পর্ক দৃঢ় করার একটি পন্থা এবং আধ্যাত্মিক সংযোগের একটি উপলক্ষ্য। মেজ্জান চট্টগ্রামের গ্রাম থেকে শহর পর্যন্ত এমন একটি রেওয়াজ, যা এখনো সব পরিবার, দরবার এবং পীর-মাশায়েখদের আস্তানায় নিয়মিতভাবে পালিত হয়। বিশেষ করে পরিবারের পক্ষ হতে মৃত ব্যক্তির ফাতেহা উপলক্ষ্যে আয়োজিত হয়।
এই ভোজ-ভিত্তিক চর্চাগুলো চট্টগ্রামের মুসলিমদের মধ্যে একটি উৎসবমুখর, মানবিক, সংবেদনশীল ধর্মীয় অনুশীলন তৈরি করেছে। যার কারণে ইসলামি দিনগুলো এখানে না থেকে সামাজিক ও সাংস্কৃতিক একাত্মতার প্রকাশ ঘটে হালুয়া-রুটি, তিচ্ছিলি, অত্তোর দানার ভাত, সাদা সিন্নি ইত্যাদির মাধ্যমে। এভাবেই ইসলাম এখানে রূপ নিয়েছে এক আধ্যাত্মিক ও সাংস্কৃতিক উৎসবে।
চট্টগ্রামে যে-সব খাবার ধর্মীয় উপলক্ষ্যে তৈরি হয় তা সরাসরি ইসলাম ধর্মের ফরজ বা ওয়াজিব অংশ না হলেও, এগুলো ধর্মপ্রাণ সমাজের নিজস্ব অনুধাবন ও আধ্যাত্মিক ভালোবাসার প্রকাশ। উদাহরণস্বরূপ, শবেবরাতের হালুয়া-রুটি, আশুরার তিচ্ছিলি (চালের গুঁড়া, তিল, বাদাম, নারকেল ইত্যাদির সংমিশ্রণে তৈরি একটি মিষ্টি), ফাতেহা-ই-ইয়াজদাহামের সিন্নি, কিংবা অত্তোর দানার ভাত—সবই এমন রেওয়াজ, যা একাধারে ঐতিহ্য ও ধর্মীয় অনুভবের মিলনস্থল। এসব চর্চা ধর্মীয় ফতোয়ার জায়গা থেকে ব্যাখ্যা না করে সাংস্কৃতিক অভিব্যক্তি হিসেবে অনুধাবন করাটাই বেশি যুক্তিসংগত।
তবে দুঃখজনক হলেও সত্য যে, বাংলাদেশের অন্যান্য অঞ্চলে কিছু দল এসব রেওয়াজকে ‘বেদাত’ আখ্যা দিয়ে ব্যাখ্যা করে এবং এসব আয়োজনকে ‘ইসলামের নামে ভ্রান্ত প্রচলন’ হিসেবে চিহ্নিত করে। অথচ বাস্তবতা হলো—চট্টগ্রামের মুসলমানরা কখনোই এসব চর্চাকে ইসলামের ফরজ বা ইমানের শর্ত বলে দাবি করে না। তারা এগুলোকে নিজের ধর্ম প্রিয়তা, ভালোবাসা ও তরিকতপন্থী অনুশীলনের এক অভিজ্ঞান হিসেবে পালন করে থাকে।
চট্টগ্রামের ইসলামিক সংস্কৃতি ভিন্ন হলেও কখনোই ইসলামবিরোধী নয়। বরং এই সংস্কৃতি ইসলামকে মানুষের জীবনের আরো কাছাকাছি নিয়ে আসে—খাবার, উৎসব, সমাগম ও স্মৃতিচারণের মাধ্যমে। অথচ এসব মানবিক চর্চাকে বারবার প্রশ্নবিদ্ধ করা এবং চট্টগ্রামের সংস্কৃতিকে ‘ভ্রান্ত’ তকমা দেওয়া একধরনের সংকীর্ণতা, যা ঐতিহাসিক বাস্তবতা ও আধ্যাত্মিক গভীরতা উভয়ের বিরুদ্ধেই অবস্থান নেয়।
চট্টগ্রাম হচ্ছে উপমহাদেশে ইসলামের প্রাচীনতম প্রবেশদ্বার। এখান থেকেই ইসলাম প্রথমে ছড়িয়েছে আরাকান, ত্রিপুরা, মণিপুর, বাংলার অন্য অঞ্চলে। এই অঞ্চলের ধর্মীয়, আধ্যাত্মিক ও সাংস্কৃতিক বিন্যাস পুরো উপমহাদেশের জন্যই এক ধরনের ভিত্তি তৈরি করেছে। তাই এই সংস্কৃতিকে সংরক্ষণ ও মূল্যায়নের পরিবর্তে তার উপর একচোখা ফতোয়া চাপিয়ে দেওয়া, তা যত বড় নামেই হোক, আদতে ইতিহাসের বিকৃতি ও সাংস্কৃতিক গোঁড়ামি ছাড়া কিছু নয়।
সর্বোপরি, চট্টগ্রামের ইসলাম, তার রেওয়াজ, তরিকত চর্চা এবং সামাজিক রীতিনীতিগুলো এই ধর্মের মানবিক, আধ্যাত্মিক ও সৌন্দর্যবোধসম্পন্ন দিকগুলোর এক জীবন্ত সাক্ষ্য। এসব রেওয়াজকে ‘ইসলাম নয়’ বলা যেতে পারে—কিন্তু সেগুলোকে ‘বেদাত’ আখ্যা দিয়ে নিষিদ্ধ বা হেয় করা মোটেই ন্যায্য নয়।
চট্টগ্রামের মুসলিম সমাজ ইসলামের যে রূপ ধারণ করে এসেছে তা শুধুমাত্র একটি ধর্মীয় চর্চা নয়—এটি ইতিহাস, আত্মপরিচয় ও সম্মিলিত হৃদয়ের বহিঃপ্রকাশ। আর এই বহিঃপ্রকাশকে দাবিয়ে না রেখে, শ্রদ্ধার সঙ্গে বিশ্লেষণ ও গবেষণার মাধ্যমে মূল্যায়ন করাই হওয়া উচিত আমাদের সকলের দায়িত্ব। ইসলাম যেমন এক, তেমনি তার রূপ অনেক—আর চট্টগ্রামের রূপ সেই বহুবর্ণময় ইসলামের অন্যতম উজ্জ্বল প্রতিচ্ছবি।
